ফুটবল মাঠের ম্যাজিক ছেড়ে এবার মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের কাল্পনিক দুনিয়ায় হাজির হয়েছেন বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসি। সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট প্রকাশিত প্রায় ৪০ সেকেন্ডের একটি বিশেষ প্রচারণামূলক ভিডিওতে তাকে দেখা গেছে জনপ্রিয় সুপারহিরো স্পাইডারম্যানের সঙ্গে একই ফ্রেমে। দুই ভিন্ন জগতের দুই মহাতারকার এই মেলবন্ধন সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই তুমুল ঝড় তুলেছে।

ভিডিওর শুরুতে দেখা যায়, পিটার পার্কার (টম হল্যান্ড) নিউইয়র্কের একটি কফিশপে বসে ফোনে কথা বলছেন। ঠিক সেই সময় হাতে একটি বিশেষ ‘স্পাইডি ট্র্যাকার’ নিয়ে সেখানে হাজির হন লিওনেল মেসি। স্পাইডারম্যানকে খুঁজে বের করতেই যেন তার এই আকস্মিক আগমন। কিছুক্ষণ পর পিটার পার্কার স্পাইডারম্যানের পোশাকে আবির্ভূত হন এবং ভিডিওর শেষ দৃশ্যে নিউইয়র্কের আকাশের বহুতল ভবনের মাঝ দিয়ে স্পাইডারম্যানের জালে ভর করে মেসিকে দুলতে দেখা যায়, যা ভক্তদের জন্য ছিল এক বিশাল চমক।

হলিউডভিত্তিক বেশ কয়েকটি গণমাধ্যমের দাবি, এই প্রমোশনাল ভিডিওতে মাত্র ২০ সেকেন্ডের উপস্থিতির জন্য মেসি পারিশ্রমিক হিসেবে পেয়েছেন ১৫ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৮৫ কোটি টাকা। তবে এ বিষয়ে সনি পিকচার্স বা মেসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।

আগামী ৩০ জুলাই মুক্তি পেতে যাচ্ছে মার্ভেলের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। মূলত এই সিনেমার বিশ্বব্যাপী প্রচারণার অংশ হিসেবেই তৈরি করা হয়েছে বিশেষ এই ভিডিও।

ভিডিওতে মেসির হাতে থাকা ‘স্পাইডি ট্র্যাকার’ নিয়ে কমিকস-প্রেমীদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। ১৯৬৪ সালে প্রকাশিত ‘দ্য অ্যামেজিং স্পাইডার-ম্যান’ কমিকসে পিটার পার্কার ডক্টর অক্টোপাসকে শনাক্ত করতে প্রথম এটি নিজে তৈরি করেছিলেন। তবে ট্র্যাকারের স্ক্রিনে এবার একাধিক লাল বিন্দু দেখে ভক্তরা ধারণা করছেন, নতুন সিনেমায় হয়তো মার্ভেলের ‘মাল্টিভার্স’ ধারণার ইঙ্গিত রয়েছে এবং সেখানে একাধিক স্পাইডারম্যানের উপস্থিতি দেখা যেতে পারে।

ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার গল্প শুরু হবে মূলত ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর ঘটনার পর থেকে, যেখানে পুরো পৃথিবী ভুলে গেছে যে পিটার পার্কারই আসলে স্পাইডারম্যান। নতুন এই অধ্যায়ে এক রহস্যময় হুমকির বিরুদ্ধে লড়াইয়ে পিটারের পাশে দেখা যাবে ‘দ্য পানিশার’ ও ‘হাল্ক’-এর মতো জনপ্রিয় চরিত্রদের। এরই মধ্যে সিনেমার প্রচারণায় ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির এই উপস্থিতি ফুটবল ও সিনেমা দুই জগতের ভক্তদের মাঝেই উন্মাদনা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

প্রাইমটিভি/বিএম