আসছে পূর্ণ সূর্যগ্রহণ

ছবিঃ সংগৃহীত
দুই বছরেরও বেশি সময় পর আগামী ১২ আগস্ট আকাশে দেখা যাবে এক বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এ সময় চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সূর্যের আলো সম্পূর্ণ ঢেকে দেবে, ফলে নির্দিষ্ট কিছু অঞ্চলে দিনের বেলাতেই সাময়িক অন্ধকার নেমে আসবে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) তথ্য অনুযায়ী, চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়লে এবং সূর্য পুরোপুরি আড়াল হলেই এই দৃশ্য তৈরি হয়।
এবারের গ্রহণটি সবচেয়ে ভালো দেখা যাবে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর স্পেন এবং উত্তর-পূর্ব পর্তুগাল থেকে। ইউরোপীয় মহাকাশ সংস্থার মতে, স্পেনের মূল ভূখণ্ডে ১৯০৫ সালের পর এটিই হবে প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। অন্যদিকে ইউরোপ, আফ্রিকা ও উত্তর আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।
আর্থস্কাই-এর তথ্যমতে, এই গ্রহণের পথ প্রায় ৮ হাজার ৩০০ কিলোমিটার দীর্ঘ হবে। গ্রিনল্যান্ডে দুই মিনিটেরও বেশি সময় ধরে পূর্ণগ্রাস দেখা গেলেও উত্তর স্পেনে অনুকূল আবহাওয়ায় এটি স্থায়ী হবে মাত্র ২০ সেকেন্ড। স্পেনের গ্যালিসিয়া ও ব্যালেরিক দ্বীপপুঞ্জে সূর্যাস্তের কাছাকাছি সময়ে গ্রহণটি ঘটায় দিনের আলো থেকে অন্ধকারে রূপান্তরের এক অনন্য দৃশ্য তৈরি হবে, যা স্পেনের জাভালাম্ব্রে পর্যবেক্ষণাগার থেকে সরাসরি সম্প্রচার করা হবে।
এর পরবর্তী পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি ঘটবে ২০২৭ সালের ২ আগস্ট, যা দক্ষিণ স্পেন, উত্তর আফ্রিকা ও সৌদি আরবে দেখা যাবে। এছাড়া যুক্তরাষ্ট্রে ২০৪৪ ও ২০৪৫ সালে পরবর্তী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দৃশ্যমান হবে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







