খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন ১১দলীয় জোটের ৬ প্রতিনিধি

ইরান যাচ্ছেন ১১দলীয় জোটের ৬ প্রতিনিধি। (ছবি: সংগৃহীত)
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শোকানুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১১ সদস্যের প্রতিনিধি দলের সদস্য হিসেবে ইরান যাচ্ছেন দলটির নেতা ডা. এস এম খালিদুজ্জামান।
বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
ডা. খালিদুজ্জামান জানান, প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। প্রতিনিধি দলে আরও রয়েছেন এমপি মো. নুরুল আমিন, ডা. মো. কেরামত আলী, সাইয়্যিদ উদ্দিন আহমদ হুনজালা, নাসিরুদ্দীন পাটওয়ারীসহ দলের আরও কয়েকজন নেতা।
ফেসবুক পোস্টে তিনি প্রতিনিধি দলের সফল সফরের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। তিনি লেখেন, “মহান আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত, কল্যাণময় ও ফলপ্রসূ করুন।”
এর আগে জামায়াতে ইসলামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ইরান সরকারের আমন্ত্রণে প্রতিনিধি দলটি ৩ জুলাই ঢাকা থেকে ইরানের উদ্দেশ্যে রওনা হবে। সফরকালে তারা তেহরানসহ বিভিন্ন স্থানে আয়োজিত রাষ্ট্রীয় জানাজা ও শোকানুষ্ঠানে অংশ নেবেন। পাশাপাশি ইরানের শীর্ষ নেতৃত্ব ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতেরও কর্মসূচি রয়েছে। প্রতিনিধি দলটি ৯ জুলাই পর্যন্ত ইরানে অবস্থান করবে।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






