মহাত্মা গান্ধীর মূর্তির মুখে কালো কাপড়, উত্তপ্ত পশ্চিমবঙ্গ

স্টেশন বাজার এলাকায় মহাত্মা গান্ধীর মূর্তিতে কালো কাপড় । সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে মহাত্মা গান্ধীর মূর্তির মুখ ও হাতে কালো কাপড় বেঁধে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ও রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। ঘটনাটিকে ‘বৃহত্তর ষড়যন্ত্র’ বলে অভিযোগ করেছে কংগ্রেস। একই সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে দলটি।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১ জুলাই) সকালে স্টেশন বাজার এলাকায় স্থানীয়রা মহাত্মা গান্ধীর মূর্তিটি কালো কাপড় বাঁধা অবস্থায় দেখতে পান। ১৯৯৬ সালে তৎকালীন কংগ্রেস পরিচালিত কাটোয়া পৌরসভা মূর্তিটি স্থাপন করেছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কালো কাপড় সরিয়ে ফেলে। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
কাটোয়ার মহকুমা শাসক রীনা ঘোষ জানান, মূর্তির ওপর স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, রাত প্রায় সাড়ে ১২টার দিকে এক গৃহহীন ব্যক্তি মূর্তিটির মুখ ও হাতে কালো কাপড় বেঁধে দেন।
ঘটনার নিন্দা জানিয়ে কাটোয়ার সাবেক বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, যারা এ কাজ করেছে তারা দেশবিরোধী। তাদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পূর্ব বর্ধমান জেলা বিজেপির সহসভাপতি অনিল দত্তও ঘটনাটিকে জঘন্য উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার আহ্বান জানান।
এদিকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার দাবি করেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। তিনি বলেন, মহাত্মা গান্ধীর মূর্তির মুখে কালো কাপড় বেঁধে তাঁর আদর্শ বা নীতিকে মুছে ফেলা যাবে না। তাঁর ভাষায়, গান্ধী শুধু ভারতের নয়, সারা বিশ্বের পথপ্রদর্শক।
তিনি আরও অভিযোগ করেন, যারা এ ঘটনার সঙ্গে জড়িত তারা আসলে গান্ধীর আদর্শকে ভয় পায়। পাশাপাশি প্রশাসনের কাছে দ্রুত তদন্ত শেষ করে দায়ীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষ হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








