আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ, নিখোঁজ ১ ক্রু

মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ । সংগৃহীত
আরব সাগরে জরুরি অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি এমএইচ ষাট এস সি হক হেলিকপ্টার। এ ঘটনায় চার ক্রুর মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করা হলেও একজন এখনো নিখোঁজ রয়েছেন।
বুধবার (২ জুলাই) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড ন্যাভসেন্ট এ তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে জানানো হয়, ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ বিমানবাহী রণতরীতে নিয়োজিত এমএইচ ষাট এস সি হক হেলিকপ্টারটি আরব সাগরে জরুরি অবতরণ করে। তবে এ ঘটনার পেছনে শত্রুপক্ষের কোনো হামলার প্রমাণ বা ইঙ্গিত পাওয়া যায়নি।
ন্যাভসেন্ট জানিয়েছে, হেলিকপ্টারে থাকা চার ক্রুর মধ্যে তিনজনকে দ্রুত উদ্ধার করে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ রণতরীতে নেওয়া হয়েছে। তারা বর্তমানে স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে, নিখোঁজ এক ক্রু সদস্যকে উদ্ধারে ওই এলাকায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিভিন্ন ইউনিট ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে।
হেলিকপ্টারটির জরুরি অবতরণের সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।
সুত্রঃ আনাদোলু
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







