ক্যানসারে মারা গেলেন চিত্রশিল্পী আতিয়া ইসলাম

ছবিঃ সংগৃহীত
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুর শোক কাটতে না কাটতেই দেশের শিল্পাঙ্গনে আরও একটি বড় ধাক্কা। মারা গেছেন বিশিষ্ট চিত্রশিল্পী আতিয়া ইসলাম। বৃহস্পতিবার (২ জুন) দুপুর ৩টার দিকে ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।
১৯৬২ সালে ঢাকায় জন্মগ্রহণ করা আতিয়া ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ (ড্রয়িং ও পেইন্টিং) বিভাগ থেকে ১৯৮২ সালে বিএফএ এবং ১৯৮৫ সালে এমএফএ ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনে তিনি চারুকলা ছাত্র সংসদের (১৯৮১-৮২) সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্বও পালন করেন।
শিল্পচর্চার পাশাপাশি শিক্ষকতাতেও তার অসামান্য অবদান ছিল। তিনি ইংরেজি মাধ্যমের স্কুল ‘সানবিমস’-এর চিত্রাঙ্কন শিক্ষক ছিলেন এবং ধানমন্ডিতে শিশুদের জন্য ‘ঝাঁপি স্কুল অব আর্ট’ নামে একটি চিত্রাঙ্কন স্কুল পরিচালনা করতেন। গ্যালারি ২১, বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস এবং আলিয়ঁস ফ্রঁসেজে তার একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া ১৯৮১ থেকে ২০০৯ সালের মধ্যে চীন, যুক্তরাষ্ট্র, ভারত, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে ৬০টিরও বেশি যৌথ প্রদর্শনীতে তার চিত্রকর্ম প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে। তাঁর প্রয়াণে দেশের শিল্পাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









