জনপ্রিয় অভিনেতা ও গায়ক ফজলুর রহমান বাবু ভক্তদের জন্য নিয়ে এসেছেন নতুন গান। পল্লী কবি জসিমউদ্‌দীনের কালজয়ী লোকগান ‘আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে’ গানটিতে নতুন করে কণ্ঠ দিয়েছেন তিনি।

পরিচালক মোহাম্মদ নুরুজ্জামানের নতুন চলচ্চিত্র ‘মাস্তুল’-এ গানটি ব্যবহার করা হয়েছে। লাবিক কামাল গৌরবের নতুন সংগীতায়োজনে গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শক-শ্রোতাদের দারুণ প্রশংসা কুড়াচ্ছে।

mastul-movie-250425-01-1745-1751201514

পরিচালক জানান, সিনেমার আবহ ও আত্মাকে দর্শকের সামনে তুলে ধরতেই এই গানটি প্রকাশ করা হয়েছে। ‘মাস্তুল’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে একটি তেলের ট্যাংকারের বৃদ্ধ রাঁধুনি মকবুল ও পথশিশু নুরাকে ঘিরে, যেখানে উঠে এসেছে নদী ও বন্দরের প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম ও একাকিত্ব।

এর আগে ‘মনপুরা’ সিনেমার ‘নিথুয়া পাথারে’ বা ‘বকুল ফুল’ গেয়ে শ্রোতাদের মন জয় করেছিলেন বাবু। সেই ধারাবাহিকতায় ‘মাস্তুল’ সিনেমার এই নতুন গানটিও মানুষের মনে স্থায়ী জায়গা করে নেবে বলে সবার প্রত্যাশা।

প্রাইমটিভি/বিএম