বিশ্ব রাজনীতিতে বাড়ছে চাপ, ট্রুথ সোশ্যালে ট্রাম্পের হুঁশিয়ারি

ছবিঃ সংগৃহীত
হরমুজ প্রণালিতে উত্তেজনা ঘিরে ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, তেহরান যদি যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন চুক্তিতে সম্মত না হয়, তবে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ওপর সামরিক হামলা চালানো হতে পারে।
মার্কিন প্রেসিডেন্টের দাবি, গত মঙ্গলবার হরমুজ প্রণালিতে গুলি চালিয়ে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইরান। তার অভিযোগ, ইরানি বাহিনী একটি ফরাসি জাহাজ এবং একটি ব্রিটিশ মালবাহী জাহাজকে লক্ষ্য করে এই হামলা চালায়। এই প্রেক্ষাপটে ট্রাম্প বলেন, ইরান সম্প্রতি হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিলেও বাস্তবে মার্কিন নিষেধাজ্ঞার কারণেই প্রণালিটি কার্যত অচল হয়ে রয়েছে। তার ভাষায়, ইরান অজান্তেই যুক্তরাষ্ট্রের কৌশলগত উদ্দেশ্য পূরণে সহায়তা করছে।
একই সঙ্গে ট্রাম্প দাবি করেন, ইরানকে একটি ন্যায়সঙ্গত ও যুক্তিসঙ্গত চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে এবং দ্রুত সেই প্রস্তাব গ্রহণ করা উচিত। অন্যথায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অত্যন্ত দ্রুত ও সহজেই ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করতে সক্ষম। শান্তি প্রতিষ্ঠায় ইরান ব্যর্থ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াকে নিজের সম্মানজনক দায়িত্ব হিসেবেও উল্লেখ করেন তিনি।
এদিকে বিশ্লেষকরা বলছেন, এমন হুঁশিয়ারির ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি ঘিরে যে কোনো সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









