হরমুজ প্রণালি নিয়ে কঠোর বার্তা তেহরানের, বাড়ছে উদ্বেগ

ছবিঃ সংগৃহীত
ইরানের হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। দেশটির জ্যেষ্ঠ রাজনীতিক ও ইসলামি বিপ্লবী গার্ড কোরের সাবেক কমান্ডার ইব্রাহিম আজিজি বলেছেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ কখনোই তারা ছেড়ে দেবেন না। বিবিসি তেহরানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটি ইরানের মৌলিক অধিকার এবং এই জলপথ দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্তও তেহরানের হাতে থাকবে।
ইব্রাহিম আজিজি আরও জানান, বিষয়টি আইনের মাধ্যমে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, সংবিধানের ১১০ অনুচ্ছেদের ভিত্তিতে পার্লামেন্টে একটি বিল উত্থাপন করা হচ্ছে, যেখানে পরিবেশ, সামুদ্রিক নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তার বিষয় অন্তর্ভুক্ত থাকবে। একই সঙ্গে সশস্ত্র বাহিনী এই আইন বাস্তবায়ন করবে বলেও উল্লেখ করেন তিনি। ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করা আজিজি হরমুজ প্রণালিকে শত্রু মোকাবিলার একটি কৌশলগত সম্পদ হিসেবে উল্লেখ করেন। তাঁর ভাষায়, যুদ্ধ পরিস্থিতিতে এই প্রণালি ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে কাজ করছে।
বিশ্ব বাণিজ্য ও জ্বালানি পরিবহনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় এক পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে এই জলপথে কোনো ধরনের উত্তেজনা দেখা দিলে তার প্রভাব পড়ে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে। বিশ্লেষকরা বলছেন, এই প্রণালির নিয়ন্ত্রণ ইরানকে আন্তর্জাতিক আলোচনায় কৌশলগত সুবিধা দিচ্ছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ ইসলামি মনে করেন, যুদ্ধ-পরবর্তী সময়ে ইরানের প্রধান অগ্রাধিকার হবে প্রতিরোধ ক্ষমতা পুনর্গঠন এবং হরমুজ প্রণালি সেই চাপ প্রয়োগের অন্যতম প্রধান উপায় হিসেবে থাকবে।
তবে ইরানের এমন অবস্থানকে ইতোমধ্যে কয়েকটি প্রতিবেশী দেশ প্রত্যাখ্যান করেছে। ফলে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা আপাতত প্রশমনের কোনো ইঙ্গিত না দিয়ে বরং আরও জটিলতার দিকেই যাচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









