ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা শান্তি আলোচনাকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর শুরুর আগে তেহরান দাবি করেছে, যুক্তরাষ্ট্র বর্তমানে যুদ্ধ পরিস্থিতি থেকে একটি ‘সম্মানজনক’ প্রস্থানের পথ খুঁজছে। শনিবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন মন্তব্য করা হয়।

ইরানের সংবাদমাধ্যম ইসনা (আইএসএনএ) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাতে জানিয়েছে, বর্তমানে আমাদের সামরিক শক্তি একটি প্রভাবশালী অবস্থানে রয়েছে। শত্রুপক্ষ এখন সেই সংঘাতের চোরাবালি থেকে বের হওয়ার উপায় খুঁজছে, যেখানে তারা নিজেরাই আটকা পড়েছে।

এদিকে মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ ও জারেড কুশনার ইসলামাবাদের উদ্দেশে যাত্রা করেছেন বলে জানা গেছে। তাদের এই সফরকে ঘিরেই ইরানের পক্ষ থেকে কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানানো হলো।

তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনায় বসার পরিকল্পনা আপাতত তেহরানের নেই।

সামরিক ও কূটনৈতিক চাপের এই পাল্টাপাল্টি বার্তা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও জটিল করে তুলতে পারে।