পশ্চিমবঙ্গে কথিত অনুপ্রবেশকারী ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছে রাজ্য বিজেপি। রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানোর কার্যক্রম জোরদার করা হয়েছে বলে দাবি করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার (২৩ জুন) বিধানসভার বাজেট অধিবেশনে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের জবাবে তিনি এ দাবি করেন।

শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে এখন পর্যন্ত প্রায় ১০ হাজার কথিত অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় স্থাপিত ‘হোল্ডিং সেন্টার’-এ আরও প্রায় ১ হাজার ৮০০ জনকে রাখা হয়েছে, যাদের পর্যায়ক্রমে ফেরত পাঠানো হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের আইন অনুযায়ী অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিএসএফের কাছে হস্তান্তর করা হচ্ছে এবং দীর্ঘমেয়াদি কারাবাসের পরিবর্তে সরাসরি সীমান্ত দিয়ে প্রত্যাবাসনের নীতি অনুসরণ করা হচ্ছে।

শুভেন্দু অধিকারী আরও বলেন, রাজ্যে কোনো বৈধ ভারতীয় নাগরিকের উদ্বেগের কারণ নেই। তিনি বলেন, “যে ধর্মেরই হোক, যে সম্প্রদায়েরই হোক, যদি তিনি সত্যিকারের ভারতীয় নাগরিক হন, তার কোনো সমস্যা হবে না।”

সীমান্ত সুরক্ষার প্রসঙ্গে তিনি জানান, বিএসএফকে ইতোমধ্যে ১৪২.৭৯ একর জমি হস্তান্তর করা হয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যে প্রায় ৬০০ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

তিনি অভিযোগ করেন, সীমান্ত সুরক্ষা ইস্যুতে আগের সরকারের ভূমিকা যথাযথ ছিল না। একই সঙ্গে অনুপ্রবেশকারীদের দ্রুত সীমান্ত পার হয়ে চলে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কাঁটাতারের বেড়া নির্মাণ শেষ হওয়ার আগে যারা যেতে চান, তারা চলে যেতে পারেন।
প্রাইমটিভি/এমএইচ