জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল দ্রুত বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

ছবি- সংগৃহীত
জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ‘ক্ষয়ক্ষতি তহবিল’ (Loss and Damage Fund) দ্রুত বাস্তবায়ন, সহজলভ্য জলবায়ু অর্থায়ন এবং প্রযুক্তি হস্তান্তরের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৩ জুন) চীনের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম) ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনের ‘ক্লাইমেট লিডারশিপ ইন অ্যা শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক সেশনে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক প্রতিশ্রুতিগুলোকে বাস্তব পদক্ষেপে রূপান্তর করতে হবে। বিশেষ করে ‘ক্ষয়ক্ষতি তহবিল’কে প্রতিশ্রুতির পর্যায় থেকে বাস্তবায়নের পর্যায়ে নিয়ে আসা জরুরি।
তিনি আরও বলেন, জলবায়ু অর্থায়ন এমনভাবে নিশ্চিত করতে হবে, যাতে ঝুঁকিপূর্ণ দেশগুলো সহজ ও শর্তহীনভাবে প্রয়োজনীয় সহায়তা পেতে পারে। পাশাপাশি ‘সবুজ জলবায়ু তহবিল’কে (Green Climate Fund) আরও কার্যকর ও ফলপ্রসূ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সেশনে প্রধানমন্ত্রী জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে আন্তর্জাতিক অংশীদারিত্ব, প্রযুক্তিগত সহযোগিতা, পর্যাপ্ত অর্থায়ন এবং বৈশ্বিক অঙ্গীকার বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শুধু কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগই যথেষ্ট নয়, একইসঙ্গে অভিযোজনমূলক কার্যক্রমও সমান গুরুত্বপূর্ণ।
সম্মেলনের ফাঁকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলোইস জভিংগি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, চীনের ডালিয়ান শহরে ২৩ থেকে ২৫ জুন পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের গ্রীষ্মকালীন দাভোস সম্মেলন। ‘বৃহৎ পরিসরে উদ্ভাবন’ প্রতিপাদ্যে আয়োজিত এবারের সম্মেলনে বৈশ্বিক অর্থনীতি, শিল্প খাতের রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা, উদীয়মান প্রযুক্তির ব্যবহার, চীনের অর্থনৈতিক ভবিষ্যৎ, তরুণদের কর্মসংস্থান এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







