১০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি শুভেন্দুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । সংগৃহীত
ভারতে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, এ পর্যন্ত ১০ হাজার অবৈধ অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া আরও ১ হাজার ৮০০ জনকে বহিষ্কারের প্রক্রিয়া চলছে।
মঙ্গলবার (২৩ জুন) পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে ১২টি হোল্ডিং সেন্টারে ১ হাজার ৮০০ জন আটক রয়েছেন। তাদের নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রমও অব্যাহত রয়েছে।
শুভেন্দু অধিকারী বলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশনা অনুসরণ করেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। জাতীয় নিরাপত্তার স্বার্থে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
তবে ভারতের বৈধ নাগরিকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ধর্ম নির্বিশেষে দেশের প্রকৃত নাগরিকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যারা স্বেচ্ছায় ভারত ত্যাগ করতে চান, তাদের জন্য সীমান্তপথে যাওয়ার সুযোগও রয়েছে বলে জানান তিনি।
গত ৯ মে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই অনুপ্রবেশবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী জেলাগুলোতে দ্রুত হোল্ডিং সেন্টার নির্মাণ এবং সন্দেহভাজনদের আটকের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে সীমান্ত নিরাপত্তা জোরদারে বিএসএফকে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ১৪২ একর জমি হস্তান্তরের কথাও নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকার ভোটব্যাংকের রাজনীতির কারণে এ বিষয়ে সহযোগিতা করেনি।
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যকার ২ হাজার ২১৬ দশমিক ৭ কিলোমিটার দীর্ঘ সীমান্তের মধ্যে ১ হাজার ৬৪৭ দশমিক ৬৯ কিলোমিটার এলাকায় ইতোমধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট অংশের কাজও দ্রুত শেষ করা হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









