হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, জাতিসংঘের উদ্ধার কার্যক্রম স্থগিত

ছবিঃ সংগৃহীত
হরমুজ প্রণালির কাছে একটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনার পর সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এ ঘটনার জেরে জাহাজ চলাচলে সহায়তার জন্য পরিচালিত জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) বিশেষ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক সমঝোতার ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
ব্রিটিশ নৌবাহিনীর নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, ওমান উপকূলের কাছে একটি বাণিজ্যিক জাহাজ অজ্ঞাত উৎস থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার কয়েক ঘণ্টা আগে ইরান সতর্ক করে বলেছিল, তাদের অনুমোদিত নৌপথের বাইরে চলাচলকারী জাহাজের নিরাপত্তার দায় তারা নেবে না।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে দুই মার্কিন কর্মকর্তা দাবি করেছেন, হামলাটি ইরান চালিয়েছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে ইরানের গালফ স্ট্রেইট অথরিটি জানিয়েছে, নির্ধারিত নৌপথের বাইরে চলাচলকারী জাহাজ নিরাপদে গন্তব্যে পৌঁছাবে—এমন নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়।
চারটি নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী, হামলার শিকার জাহাজটির নাম এভার লাভলি। সিঙ্গাপুরের পতাকাবাহী এ জাহাজে ড্রোন হামলা চালানো হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে পরিস্থিতির অবনতি হওয়ায় হরমুজ প্রণালিতে পরিচালিত আইএমওর বিশেষ সহায়তা কর্মসূচি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে সংস্থাটি ওই এলাকায় আটকে পড়া শত শত জাহাজ এবং হাজারো নাবিককে নিরাপদে সরিয়ে নিতে কাজ করছিল।
আইএমওর মহাসচিব আর্সেনিও ডমিঙ্গেজ বলেন, উদ্ধার তালিকায় থাকা জাহাজ এবং ওই অঞ্চলে অবস্থানরত অন্যান্য জাহাজের নিরাপত্তা পুনর্মূল্যায়নের জন্যই কর্মসূচিটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
তবে আইএমও স্পষ্ট করেছে, হামলার শিকার এভার লাভলি তাদের চলমান উদ্ধার কার্যক্রমের অন্তর্ভুক্ত ছিল না।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ইরান যদি যুদ্ধবিরতি বজায় রাখা এবং হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার বিষয়ে করা সমঝোতা লঙ্ঘন করে, তাহলে যুক্তরাষ্ট্র প্রয়োজনে আবারও সামরিক পদক্ষেপ নিতে পারে।
সাম্প্রতিক এই হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ সৃষ্টি হয়েছে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









