বেইজিংয়ের ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

ছবি- সংগৃহীত
চীনের রাজধানী বেইজিংয়ের অন্যতম উঁচু ভবন ১০৯ তলা সিটিক টাওয়ারে (CITIC Tower) একটি ছোট বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। বিশ্বের সবচেয়ে কঠোর নিরাপত্তাবেষ্টিত শহরগুলোর একটিতে এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেলে একটি হালকা বিমান ভবনটিতে আঘাত হেনেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সিটিক টাওয়ারের ওপরের অংশ থেকে ধ্বংসাবশেষ নিচে পড়ে যাচ্ছে। ভিডিওতে বিমানের লেজের একটি অংশ এবং ভবনের নিচে থাকা একটি ট্যাক্সিক্যাবের ভাঙা জানালাও দেখা যায়।
ঘটনাস্থলে থাকা সিএনএনের এক সাংবাদিক জানান, দুর্ঘটনার পরপরই ভবনের ভেতরে থাকা লোকজনকে দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পরে ভবনের প্রবেশমুখের সামনে তাদের জড়ো হতে দেখা যায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট, পুলিশ সদস্য এবং একটি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে।
ঘটনার কারণ, হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি চীনা কর্তৃপক্ষ। এ বিষয়ে জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বিমানটির মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিমানের নিবন্ধন নম্বর (রেজিস্ট্রেশন কোড) বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, এটি চীনে তৈরি সানওয়ার্ড এসএ ৬০এল অরোরা (Sunward SA60L Aurora) মডেলের একটি হালকা স্পোর্টস বিমান। বিমানটি একটি স্থানীয় জেনারেল এভিয়েশন কোম্পানির মালিকানাধীন বলে জানা গেছে।
ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন প্রকাশের আগে দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: সিএনএ
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









