ইউক্রেনের ৬৬০ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

ছবি- সংগৃহীত
রাশিয়া দাবি করেছে, শুক্রবার রাতে ইউক্রেনের ছোড়া ৬৬০টি ড্রোন ভূপাতিত করেছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এটি ইউক্রেনের অন্যতম বৃহৎ দূরপাল্লার ড্রোন হামলা।
রুশ কর্তৃপক্ষ জানায়, ড্রোনগুলো মস্কোসহ ১৩টি অঞ্চলের পাশাপাশি রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়া উপদ্বীপ, কৃষ্ণ সাগর এবং আজভ সাগরের আকাশসীমায় প্রতিহত করা হয়েছে।
তুলা অঞ্চলের গভর্নর দিমিত্রি মিলিয়ায়েভ জানান, ওই অঞ্চলে একটি “বৃহৎ” ড্রোন হামলায় একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন নারী আহত হয়েছেন। এছাড়া মস্কো থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত নোভোমস্কভস্ক শহরের একটি শিল্প স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
রুশ গণমাধ্যম আস্ত্রা জানিয়েছে, ক্ষতিগ্রস্ত স্থাপনাটি আজোট (Azot) রাসায়নিক কারখানা, যা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ভাষ্য অনুযায়ী রাশিয়ার বিস্ফোরক উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ একটি শিল্পপ্রতিষ্ঠান।
সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে জ্বালানি অবকাঠামো ও সামরিক-সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে ধারাবাহিক ড্রোন হামলা চালিয়ে আসছে। এসব হামলার কারণে রাশিয়ার কিছু অঞ্চলে জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং নিরাপত্তা উদ্বেগ বেড়েছে।
এদিকে, এসব হামলার প্রেক্ষাপটে রাশিয়া মিত্র দেশ বেলারুশের সামরিক সহায়তা চাইতে পারে—এমন জল্পনা থাকলেও মস্কো সেই দাবি অস্বীকার করেছে।
রাশিয়া ও ইউক্রেন—দুই পক্ষের যুদ্ধকালীন দাবির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









