ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

ছবিঃ সংগৃহীত
ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যু হয়েছে এবং ৪ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। আজ শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাদো এই হতাহতের সংখ্যা নিশ্চিত করেন। তিনি জানান, হতাহত ও ক্ষয়ক্ষতির সিংহভাগই রেকর্ড করা হয়েছে দেশটির উত্তরের উপকূলীয় রাজ্য লা গুয়াইরায়।
ভূমিকম্পে লা গুয়াইরার মূল হাসপাতালটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় চিকিৎসকদের খোলা রাস্তায় বা ফুটপাতে রেখেই আহতদের জরুরি চিকিৎসা দিতে হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে অস্থায়ী ফিল্ড হাসপাতাল যুক্ত করা হয়েছে. বর্তমানে ওই অঞ্চলে সব ধরনের যোগাযোগ ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ রয়েছে।
দীর্ঘ দেড় দশক ধরে অর্থনৈতিক মন্দা, তীব্র বিদ্যুৎ বিভ্রাট এবং সামাজিক সংকটের মধ্য দিয়ে যাওয়া ভেনিজুয়েলার ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থার কারণে পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে। এছাড়া দক্ষ জনবলের অভাবে জরুরি পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটি।
এই সংকটময় মুহূর্তে দেশটিকে সহায়তা দিতে এগিয়ে এসেছে প্রতিবেশী দেশগুলো. কলম্বিয়া সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিট থেকে ৬২ জনের বেশি উদ্ধারকর্মী ও প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর নিয়ে একটি বিশেষ দল শুক্রবার ভোরেই ভেনিজুয়েলার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিয়েছে। পরবর্তীতে ভারী উদ্ধার সরঞ্জামসহ আরও একটি ফ্লাইট পাঠানো হবে বলে জানা গেছে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









