ভারত সরকারের প্রকাশিত তালিকায় প্রথমবারের মতো অপারেশন ‘সিঁদুর’-এ নিহত ছয়জন সামরিক সদস্যের নাম প্রকাশ করা হয়েছে। তাদের নাম ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের ‘ত্যাগ চক্র’-এ খোদাই করা হবে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন ভারতীয় সেনাবাহিনীর পাঁচ সদস্য এবং ভারতীয় বিমানবাহিনীর একজন সদস্য। তারা হলেন— সুবেদার মেজর পবন কুমার, রাইফেলম্যান সুনীল কুমার, ল্যান্স নায়েক দিনেশ কুমার, অগ্নিবীর মুরালি নায়েক, হাবিলদার সুনীল কুমার সিং এবং ভারতীয় বিমানবাহিনীর সার্জেন্ট সুরেন্দ্র কুমার।

ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৫ সালে বিভিন্ন সামরিক অভিযানে দায়িত্ব পালনকালে প্রাণ উৎসর্গ করা সদস্যদের তালিকার সঙ্গে অপারেশন ‘সিঁদুর’-এ নিহত এই ছয়জনের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।

ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের ‘ত্যাগ চক্র’ স্বাধীনতার পর দেশের জন্য আত্মোৎসর্গকারী সেনাসদস্যদের স্মরণে নির্মিত। ১৬টি বৃত্তাকার গ্রানাইট প্রাচীরে শহীদদের নাম, পদবি ও ইউনিট খোদাই করে সংরক্ষণ করা হয়। এবার সেখানে অপারেশন ‘সিঁদুর’-এ নিহত ছয় সেনাসদস্যের নামও যুক্ত হবে।

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের পাহালগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ২০২৫ সালের ৭ মে পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে কথিত সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে সামরিক অভিযান চালায় ভারত। এই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’।

ভারতের হামলার পর পাকিস্তান পাল্টা জবাব দিলে দুই দেশের মধ্যে চার দিনব্যাপী সীমান্ত উত্তেজনা, বিমান সংঘর্ষ, ড্রোন হামলা ও গোলাবিনিময় চলে। পরবর্তীতে ১০ মে সংঘাতের অবসান ঘটে।

ভারতীয় গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী, ‘সিঁদুর’ নামটি প্রতীকী অর্থে বেছে নেওয়া হয়েছিল। হিন্দু বিবাহিত নারীদের সিঁথিতে ব্যবহৃত লাল সিঁদুরের প্রতীককে সামনে রেখে পাহালগাম হামলায় নিহতদের পরিবারের প্রতি শ্রদ্ধা এবং প্রতিশোধের বার্তা তুলে ধরতেই এই নামকরণ করা হয়।

তথ্য সূত্র- এন ডি টিভি

প্রাইমটিভি/কেআর