ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মিন্দানাও দ্বীপে ৬ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (২৬ জুন) দেশটির দাভাও অক্সিডেন্টাল প্রদেশের সারাঙ্গানি এলাকার কাছে এ ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৫২ দশমিক ৪ কিলোমিটার গভীরে।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

এর আগে, গত ৮ জুন মিন্দানাওয়ের সারাঙ্গানি প্রদেশের উপকূলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই দুর্যোগে অন্তত ৭৮ জন নিহত হন এবং প্রায় ১৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হন।

উল্লেখ্য, ফিলিপাইন ভৌগোলিকভাবে ‘প্যাসিফিক রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত। ফলে দেশটিতে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে, যা একে বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশে পরিণত করেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি, ইউএসজিএস

প্রাইমটিভি/কেআর