ইসরায়েলকে শর্তহীনভাবে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান

ছবি- সংগৃহীত
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম ইসরায়েলি বাহিনীকে শর্তহীনভাবে লেবাননের সব এলাকা থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি যুদ্ধবিরতি চুক্তির সব শর্ত পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
শুক্রবার (২৬ জুন) টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে নাঈম কাসেম বলেন, ইসরায়েলকে সম্পূর্ণভাবে লেবাননের ভূখণ্ড ত্যাগ করতে হবে এবং যুদ্ধবিরতির প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় এখনো ইসরায়েলি সেনা মোতায়েন রয়েছে। পাশাপাশি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে সীমান্ত এলাকায় মাঝে মধ্যেই হামলার ঘটনা ঘটছে।
নাঈম কাসেম অভিযোগ করেন, নিরাপত্তার অজুহাতে নয়, বরং লেবাননের ভূখণ্ডে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্যেই ইসরায়েল সেখানে অবস্থান করছে। তিনি বলেন, লেবাননের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব দেশটির জাতীয় সেনাবাহিনীর এবং ইসরায়েলি বাহিনীর সেখানে অবস্থানের কোনো বৈধতা নেই।
হিজবুল্লাহ প্রধান আরও বলেন, যুদ্ধবিরতি তখনই অর্থবহ হবে, যখন উভয় পক্ষ সব ধরনের সামরিক অভিযান বন্ধ করবে। একতরফাভাবে ইসরায়েলের হামলা অব্যাহত রেখে যুদ্ধবিরতির কথা বলা গ্রহণযোগ্য নয়। তিনি সতর্ক করে বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘিত হলে হিজবুল্লাহ প্রয়োজনীয় জবাব দেবে।
ভাষণে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, ইরানের অবস্থান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর কৌশলগত চাপ সৃষ্টি করেছে।
লেবাননের সরকারের প্রতি আহ্বান জানিয়ে নাঈম কাসেম বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য প্রয়োজন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ বাস্তবায়ন থেকে বিরত থাকার আহ্বান জানান।
সূত্র: আনাদোলু এজেন্সি
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









