ইব্রাহিম (আ.)-এর সমাধিস্থল মসজিদে আজান দিতে দিচ্ছে না ইসরায়েল

ছবিঃ সংগৃহীত
অধিকৃত পশ্চিমতীরের হেবরনে অবস্থিত ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদে টানা পাঁচ দিন ধরে আজান দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। একই সঙ্গে মসজিদের পরিচালক ও কাস্টডিয়ান প্রধানের ওপর ১২ দিনের প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফিলিস্তিনি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত রোববার থেকে মসজিদের মুয়াজ্জিনকে আজান দিতে দেওয়া হচ্ছে না। যদিও মসজিদে মুসল্লিদের নামাজ আদায় অব্যাহত রয়েছে, তবে যেখান থেকে আজান দেওয়া হয় সেই অংশটি ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকায় মুয়াজ্জিনকে সেখানে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে।
এদিকে ইসরায়েলি একটি সূত্র দাবি করেছে, মসজিদ প্রাঙ্গণে সংস্কারকাজ চলার কারণে সাময়িকভাবে আজান বন্ধ রাখা হয়েছে। বর্তমানে মসজিদের খোলা অংশে ছাদ নির্মাণের কাজ করছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
এ ছাড়া মসজিদের পরিচালক শেখ মুতাজ আবু সেনিনেহ এবং কাস্টডিয়ান প্রধান হাম্মাম আবু মুরখিয়াকে আগামী ১২ দিনের জন্য ইব্রাহিমি মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ইব্রাহিমি মসজিদ মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র একটি স্থান। ইসলামি বিশ্বাস অনুযায়ী, এখানে মহানবী হযরত ইব্রাহিম (আ.)-এর সমাধি রয়েছে। দীর্ঘদিন ধরেই মসজিদটিতে মুসল্লিদের প্রবেশ, ইবাদত ও ধর্মীয় কার্যক্রমে বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করে আসছে ইসরায়েলি বাহিনী।
১৯৯৪ সালে এক মার্কিন-ইসরায়েলি অবৈধ বসতিস্থাপনকারী ইব্রাহিমি মসজিদে মুসল্লিদের ওপর গুলি চালিয়ে ২৯ জনকে হত্যা করে। ওই ঘটনার পর মসজিদটি দুই ভাগে বিভক্ত করে ইসরায়েল। বর্তমানে এর প্রায় ৬০ শতাংশ অংশ ইহুদিদের এবং ৪০ শতাংশ অংশ মুসলমানদের ব্যবহারের জন্য নির্ধারিত থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে মসজিদের ওপর ইসরায়েলের নিয়ন্ত্রণ আরও জোরদার হয়েছে বলে অভিযোগ করে আসছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








