পাকিস্তানের বাণিজ্যিক নগরী করাচিতে সিন্ধু রেঞ্জার্সের সদর দপ্তরে এক ভয়াবহ সশস্ত্র হামলায় অন্তত তিন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর পাল্টা জবাবে চার হামলাকারীও নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ। শনিবার (২৭ জুন) সন্ধ্যায় করাচির পূর্বাঞ্চলীয় গুলিস্তান-ই-জওহর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিন্ধুর পুলিশ প্রধান (আইজি) জাভেদ আলম ওধো জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী হামলাকারীরা বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে রেঞ্জার্সের সদর দপ্তরের প্রধান ফটকে ধাক্কা দেয়। এর পরপরই ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত কয়েকজন হামলাকারী ভেতরে ঢুকে পড়ে। তবে প্রথম ধাক্কায় কোনো বড় বিস্ফোরণ ঘটেছিল কি না, তা নিয়ে এখনো অনুসন্ধান চলছে।

এই ঘটনার পর সিন্ধুর মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলি শাহ তীব্র নিন্দা প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্ফোরণ ও গুলির ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন। হামলার পরপরই বিশেষ নিরাপত্তা ইউনিট (এসএসইউ) এবং অ্যান্টি-টেররিস্ট ফোর্সসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকাটি ঘিরে ফেলে একটি বড় ধরনের যৌথ তল্লাশি অভিযান শুরু করেছে।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে সশস্ত্র গোষ্ঠীর হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) একটি সহযোগী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে।

প্রাইমটিভি/বিএম