ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেলো বাবার

ছেলের কুড়ালের আঘাতে বাবার মৃত্যু
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ছেলের কুড়ালের আঘাতে সুলতান আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। কুড়ালের আঘাতের পর আহত বাবাকে হাসপাতালে নেওয়ার পর অভিযুক্ত ছেলে সেখান থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের মন্ত্রীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুলতান আলী ওই গ্রামের মৃত ইরফান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পারিবারিক বিষয় নিয়ে ছেলে ফয়েজ মিয়ার (৩৪) সঙ্গে বাবা সুলতান আলীর - কথা কাটাকাটি (পারিবারিক কলহ) হয়। একপর্যায়ে ফয়েজ মিয়া ঘর থেকে একটি কুড়াল এনে বাবার মাথার পেছনে আঘাত করেন। এতে সুলতান আলী গুরুতর আহত হন।
এরপর স্বজনরা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়াতে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তবে হাসপাতালে বাবাকে রেখে অভিযুক্ত ফয়েজ মিয়া পালিয়ে যান বলে নিশ্চিত হওয়া গেছে।
এদিকে ঘটনার খবর পেয়ে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে জুড়ী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় থানার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) মজিবুর রহমান সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর সাথে অভিযুক্ত ফয়েজ মিয়াকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







