দক্ষিণ আফ্রিকাজুড়ে অভিবাসীবিরোধী বিক্ষোভের জেরে ৯০০ জনের বেশি মানুষকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ( ১ জুলাই) এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ।

মঙ্গলবার অনুষ্ঠিত বিক্ষোভের বেশিরভাগ শান্তিপূর্ণ হলেও কয়েকটি এলাকায় সহিংসতা, লুটপাট ও গুলির ঘটনা ঘটে।

পুলিশের উপ জাতীয় কমিশনার টেবেলো মোসিকিলি জানান, দেশজুড়ে মোট ১২০টি মিছিল অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১০৮টি শান্তিপূর্ণভাবে শেষ হলেও ১২টিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধভাবে দেশে অবস্থান, জনশৃঙ্খলা ভঙ্গ, সহিংসতা সৃষ্টি, অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়া এবং ডাকাতিসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

এদিকে, জোহানেসবার্গের আলেকজান্দ্রা টাউনশিপে বিদেশি মালিকানাধীন ছোট দোকানে লুটপাটের সময় গুলিতে একজন নিহত হন। স্থানীয়ভাবে এসব দোকান ‘স্পাজা শপ’ নামে পরিচিত।

নিরাপত্তা জোরদারে দক্ষিণ আফ্রিকার নয়টি প্রদেশের মধ্যে পাঁচটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জোহানেসবার্গের হিলব্রো এলাকায় সেনাবাহিনীর সদস্যও মোতায়েন করা হয়েছে। সেখানে গুলির ঘটনায় অন্তত দুজন আহত হয়েছেন।

অন্যদিকে, বন্দরনগরী ডারবানে এক বিদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, হামলার আশঙ্কায় তিনি একটি বহুতল ভবনের অষ্টম তলা থেকে লাফ দিলে তার মৃত্যু হয়।

উল্লেখ্য, অবৈধ অভিবাসীদের দেশ ছাড়ার আহ্বান জানিয়ে নির্ধারিত সময়সীমাকে কেন্দ্র করে মঙ্গলবারের এই বিক্ষোভের আয়োজন করা হয়। গত কয়েক মাস ধরে দক্ষিণ আফ্রিকায় অভিবাসীবিরোধী উত্তেজনা ক্রমেই বাড়ছে।

সূত্র: রয়টার্স

প্রাইমটিভি/এনজি