ইন্দোনেশিয়ার অশান্ত পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার বিমানটি জ্বালিয়ে দিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। গত বৃহস্পতিবার (২ জুলাই) হাইল্যান্ড পাপুয়া প্রদেশের ইয়াহুকিমো অঞ্চলে এ ঘটনা ঘটে। নিহত পাইলটের নাম নিকোলাস এফ গোসেলিন। এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে অঞ্চলটির সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী 'ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মি' (টিপিএনপিবি)।

গোষ্ঠীটির মুখপাত্র সেবি সামবোম জানান, তারা আগেই পুরো পাপুয়া অঞ্চলে বেসামরিক বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। তাদের অভিযোগ, বেসামরিক বিমানগুলো ইন্দোনেশীয় সেনাদের ওই দুর্গম অঞ্চলে নিয়ে আসছিল। টিপিএনপিবির নির্দেশনা অমান্য করার কারণেই তারা বিমানটিতে গুলি চালায় এবং আগুন ধরিয়ে দেয়। মুখপাত্র আরও জানান, ইন্দোনেশিয়ার প্রশাসন যদি পাইলটের মরদেহ নিতে চায়, তবে কোনো সামরিক বা পুলিশ সদস্য ছাড়া বেসামরিক লোক পাঠাতে হবে। একই সঙ্গে তিনি সংঘাত নিরসনে ইন্দোনেশিয়া সরকারকে আলোচনায় বসার আহ্বান জানান।

ইন্দোনেশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং স্থানীয় কর্মকর্তারা বিমানটি পুড়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। সাত যাত্রীবাহী বিমানটি অবতরণের পরপরই নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

১৯৬৯ সালে পাপুয়া অঞ্চলটি ইন্দোনেশিয়ার অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই সেখানে স্বাধীনতার দাবিতে দীর্ঘস্থায়ী সশস্ত্র সংঘাত চলছে। এর আগে ২০২৪ সালেও এই গোষ্ঠীটির হাতে নিউজিল্যান্ডের এক পাইলট দীর্ঘ ১৯ মাস বন্দি ছিলেন, যাকে পরে আলোচনার মাধ্যমে মুক্ত করা হয়।

প্রাইমটিভি/বিএম