“আমরা ভালো মানুষ বলেই খামেনির দাফনের জন্য ৭ দিন ছুটি দিয়েছি” : ট্রাম্প

ছবি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (সংগৃহীত)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সাম্প্রতিক সংঘাতের পর ইরান এখন সমঝোতার পথ খুঁজছে। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, আয়াতুল্লাহ আলি খামেনির দাফন অনুষ্ঠানের জন্য তেহরানকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (৩ জুলাই) রাতে মাউন্ট রাশমোরে যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে ট্রাম্প এসব কথা বলেন।
ভাষণে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ও বৈশ্বিক প্রভাবের প্রশংসা করে ট্রাম্প বলেন, “আমরা একদিনেই ভেনেজুয়েলাকে হারিয়েছি এবং ইরানকে পুরোপুরি ধরাশায়ী করেছি। তারা এখন এতটাই সমঝোতা করতে চায় যে, মীমাংসার জন্য মরিয়া হয়ে উঠেছে।”
খামেনির দাফন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা ভালো মানুষ বলেই তাদের দাফন অনুষ্ঠানের জন্য এক সপ্তাহের সময় দিয়েছি।”
এদিকে শুক্রবার আয়াতুল্লাহ আলি খামেনির কফিন জনসাধারণের সামনে আনা হয়। বিভিন্ন দেশের প্রতিনিধি ও নেতারা সেখানে উপস্থিত হয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। শনিবার ও রোববার তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় কফিন রাখা হবে, যেখানে সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করবেন। ইতোমধ্যে প্রতিশোধের প্রতীক হিসেবে লাল পতাকা হাতে বিপুলসংখ্যক মানুষ সেখানে জড়ো হয়েছেন।
দাফনের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে তেহরান থেকে খামেনির মরদেহ প্রথমে কোম, এরপর ইরাকের নাজাফ ও কারবালা হয়ে শেষ পর্যন্ত ইরানের মাশহাদ শহরে নেওয়া হবে। সেখানেই ইমাম রেজার মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









