মেসিকে হারাতে গিয়ে নিজ দেশকেই বাঁচাতে পারলেন না আলোচিত ঘানার তান্ত্রিক

ছবি: তান্ত্রিক নান্না কওয়াকু বোনসাম (সংগৃহীত)
ঘানার আলোচিত তান্ত্রিক নান্না কওয়াকু বোনসামের ভবিষ্যদ্বাণী শেষ পর্যন্ত সত্যি হলো না। তিনি দাবি করেছিলেন, বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্দে রাউন্ড অব ৩২-এ আর্জেন্টিনাকে হারিয়ে বড় অঘটন ঘটাবে। কিন্তু বাস্তবে উল্টো চিত্রই দেখা গেছে। আর্জেন্টিনা শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে, আর বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বোনসামের নিজ দেশ ঘানা।
শনিবার (৪ জুলাই) কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় ঘানা। একই দিনে অতিরিক্ত সময়ের রুদ্ধশ্বাস লড়াইয়ে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে আর্জেন্টিনা। ফলে মেসিদের বিদায় নিয়ে যে ভবিষ্যদ্বাণী ঘিরে আলোচনা তৈরি হয়েছিল, সেটির কোনো প্রতিফলন মাঠের খেলায় দেখা যায়নি।
ঘানার বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কলম্বিয়া। ম্যাচের ১৪তম মিনিটে জন আরিয়াসের গোলে এগিয়ে যায় লাতিন আমেরিকার দলটি। সেই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ব্যবধান গড়ে দেয়।
বিরতির পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে ঘানা। তবে দ্বিতীয় গোলের আরও কয়েকটি সুযোগ তৈরি করেছিল কলম্বিয়াও। ৫৬তম মিনিটে লুইস দিয়াজ বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। এর দুই মিনিট পর তার আরেকটি জোরালো শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ঘানার গোলরক্ষক।
ম্যাচের শেষ দিকে ঘানা একের পর এক আক্রমণ চালালেও কলম্বিয়ার সুসংগঠিত রক্ষণ ভাঙতে পারেনি। ১-০ গোলের জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে কলম্বিয়া। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ৭ জুলাই দিবাগত রাত ২টায় (৮ জুলাই) ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে তারা।
বিশ্বকাপ চলাকালে একাধিকবার আলোচনায় এসেছেন নান্না কওয়াকু বোনসাম। আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের আগে তিনি দাবি করেছিলেন, কেপ ভার্দেই জয় পাবে। এর আগে গ্রুপ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে হ্যারি কেইনের ওপর অভিশাপ দেওয়ার কথাও বলেছিলেন তিনি। ওই ম্যাচে কেইন গোল করতে না পারায় সামাজিক যোগাযোগমাধ্যমে তার দাবি নিয়ে ব্যাপক আলোচনা হলেও, এর পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
শেষ পর্যন্ত তার সর্বশেষ ভবিষ্যদ্বাণীও ভুল প্রমাণিত হয়েছে। আর্জেন্টিনা কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে, আর কলম্বিয়ার কাছে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে ঘানার।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









