ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠানে রাজধানী তেহরানে এক কোটিরও বেশি মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে বিশ্বের ১০০টিরও বেশি দেশের প্রতিনিধি এ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন বলে জানিয়েছে শাফাক নিউজ।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় গত ২৮ ফেব্রুয়ারি আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। এরপর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানাতে তেহরানে ব্যাপক আয়োজন করা হয়েছে। নিরাপত্তা জোরদারের পাশাপাশি লাখো মানুষের উপস্থিতি নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

এদিকে, খামেনির শেষ বিদায় অনুষ্ঠানকে ঘিরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এখনো অস্থির রয়েছে। লেবাননের সঙ্গে সংঘাত কমাতে একটি কাঠামোগত চুক্তি হলেও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল বলে খবর পাওয়া গেছে।

একই সময়ে অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকাতেও ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার অভিযোগ উঠেছে, যা অঞ্চলটির চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে দেশটিতে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪ হাজার ৩০১ জন নিহত এবং ১২ হাজার ১৯৯ জন আহত হয়েছেন।

সূত্র: শাফাক নিউজ।

প্রাইমটিভি/এমএইচ