পুলিশের অভিযানের সময় প্রায় এক ডজন ইয়াবা ট্যাবলেট গিলে অচেতন হয়ে পড়েছেন সানোয়ার হোসেন (৩৫) নামের এক মাদক কারবারি। পরে তাকে উদ্ধার করে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি সঙ্গে থাকা প্রায় ১০ থেকে ১২টি ইয়াবা ট্যাবলেট চিবিয়ে গিলে ফেলেন। এতে কিছুক্ষণের মধ্যেই তিনি অচেতন হয়ে পড়েন।পুলিশ জানায়, তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় তার দেহ তল্লাশি করে আরও কিছু ইয়াবা উদ্ধার করা হয়। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, বর্তমানে পুলিশ পাহারায় ওই ব্যক্তির চিকিৎসা চলছে। সুস্থ হওয়ার পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হবে।

রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন নীলখোলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সানোয়ার হোসেন মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকায় ভাড়া বাসায় থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।


গৌরনদী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সরবত আলী বলেন, নীলখোলা এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে সানোয়ারকে থামার নির্দেশ দেওয়া হয়। এসময় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।