ঢাকার বনানী এলাকায় একটি বহুতল ভবনের ১১ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানী কাঁচাবাজার সংলগ্ন ১২ নম্বর রোডের ৪৪ নম্বর বাসায় এ আগুন লাগে।


ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পাওয়ার মাত্র ১৫ মিনিটের মধ্যে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও পাঁচটি ইউনিট যোগ দিলে মোট সাতটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।


অগ্নিকাণ্ডের ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দারা দ্রুত ভবন ছেড়ে নিরাপদ স্থানে সরে যান। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা নিরলসভাবে কাজ করছেন।


সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।