বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসা ও ফিজিওথেরাপির জন্য সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় নেওয়া হয়েছে।

দীর্ঘদিন চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মঙ্গলবার তাকে মালয়েশিয়ার একটি পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়। বুধবার বিকেলে তার একান্ত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

চিকিৎসকদের বরাতে তিনি জানান, আগের তুলনায় মির্জা আব্বাস এখন অনেকটাই সুস্থ। তবে পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে তার নিবিড় ফিজিওথেরাপি প্রয়োজন। আর এই চিকিৎসা প্রক্রিয়াটি মালয়েশিয়াতেই সম্পন্ন করা হবে। এদিকে, তার দ্রুত আরোগ্য কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করার মুহূর্তে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস এবং জ্ঞান হারান। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তার অবস্থার উন্নতি হলে এখন পুনর্বাসনের পরবর্তী ধাপ হিসেবে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়েছে।

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস।