সৌদি আরবে হজযাত্রীদের সেবায় নিজেকে নিয়োজিত রাখার এক অনন্য অঙ্গীকার ব্যক্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। হজ ফ্লাইট-২০২৬’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি বলেন, আমি সৌদিতে মন্ত্রী হিসেবে নয়, হাজিদের কামলা হিসেবে যাচ্ছি।

হজ ব্যবস্থাপনায় সেবামূলক মনোভাবের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, কোনো ধরনের অন্যায় বা অনিয়ম সহ্য করা হবে না। সীমিত সময়ের মধ্যে হজের প্রস্তুতিতে উল্লেখযোগ্য অগ্রগতির কথা উল্লেখ করে তিনি জানান- আগের তুলনায় অনেক কম সময়ে ভিসা সম্পন্ন হয়েছে ও হজ যাত্রীদের ভোগান্তি কমাতে টিকিট সংগ্রহ প্রক্রিয়া সহজ করা হয়েছে। এছাড়াও সৌদি আরবে হাজিদের জন্য উন্নত আবাসন ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্সের কর্মীদের পরিশ্রমের প্রশংসা করে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ আশা প্রকাশ করেন, এবারের হজযাত্রা অত্যন্ত নির্বিঘ্ন হবে। পরিশেষে, মন্ত্রী হজযাত্রীদের কাছে দোয়া চেয়ে কর্মীদের সবাইকে সততা ও ন্যায়ের পথে থেকে কাজ করার আহ্বান জানান।