চীন সরকারের আমন্ত্রণে গুরুত্বপূর্ণ সফরে বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার রাত ১০টা ১৫ মিনিটে চায়না এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহকারী একান্ত সচিব ইউনুস আলী। ঢাকার বিমানবন্দরে তাকে বিদায় জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

এর আগে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির ১৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেশটিতে পৌঁছায়। বেইজিংয়ে গিয়ে ওই প্রতিনিধিদলের সঙ্গেই যুক্ত হবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরকালে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইশিংয়ের সঙ্গে বৈঠকে বসবে প্রতিনিধিদলটি। এতে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ কূটনৈতিক দিকনির্দেশনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এই সফরকে বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।