প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার একটি মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি মনে করেন, একটি শক্তিশালী রাষ্ট্র গঠনের জন্য দক্ষ প্রশাসনই হতে পারে সবচেয়ে বড় ভিত্তি। বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে তারেক রহমান বলেন, প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত সংস্থাটির অগ্রযাত্রা প্রমাণ করে, বিএনপি সরকার সবসময় দেশ ও জনগণের স্বার্থে একটি প্রশিক্ষিত ও সক্ষম জনপ্রশাসন গড়ে তুলতে চেয়েছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, ২০২৪ সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থান আবারও প্রমাণ করেছে রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী শাসনব্যবস্থার প্রত্যাশা করে এসেছে। বর্তমান সরকার সেই প্রত্যাশা পূরণে কাজ করছে বলেও জানান তিনি। তিনি বলেন, একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গড়তে আমলাতন্ত্রকে আরও জনমুখী হতে হবে। জনগণের সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠান শেষে তিনি বিয়াম ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রিসভার সদস্য এবং বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।