হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

ছবিঃ সংগৃহীত
দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হাম। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ শিশুর মৃত্যুর কারণ হিসেবে হাম নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৬ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, এই সময়ের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৮১১ শিশু। আর পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৯২ জনের। মৃত দুই শিশু ঢাকা বিভাগের বাসিন্দা। এছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয় শিশুর মধ্যে দুটি ঢাকা, দুটি সিলেট, একটি রাজশাহী এবং একটি চট্টগ্রাম বিভাগের।
এদিকে, সংক্রমণের দিক থেকেও এগিয়ে ঢাকা বিভাগ। গত ২৪ ঘণ্টায় এখানে সর্বোচ্চ ৭৮ শিশুর হাম শনাক্ত হয়েছে। বরিশালে ৬ জন, রাজশাহীতে ৪ জন এবং চট্টগ্রাম ও খুলনায় ২ জন করে শিশুর শরীরে হাম ধরা পড়েছে। সারা দেশে একই সময়ে মোট ১ হাজার ১৯১ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে প্রায় অর্ধেকই ঢাকা বিভাগের। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৭২৪ শিশু। তবে পরিস্থিতি এখনও উদ্বেগজনক বলছে স্বাস্থ্য অধিদপ্তর।
সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে ৩৪ শিশুর মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৭২ জনের। বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচি জোরদার এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করাই এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রধান উপায়।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





