দুর্নীতি ও অর্থপাচারসহ একাধিক মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হয়েছেন বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

রোববার (১৪ জুন) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অব ফেডারেল ক্রিমিনাল পুলিশ ও ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আবুধাবি থেকে পাঠানো ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বর্তমানে বেনজীর আহমেদ পুলিশি হেফাজতে আছেন।

মন্ত্রী জানান, প্রত্যর্পণ প্রক্রিয়ার অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী গ্রেপ্তারের ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন আবেদন করতে হয়। সরকার ইতোমধ্যে এ প্রক্রিয়া শুরু করেছে।

তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর দায়ের করা মামলা, গ্রেপ্তারি পরোয়ানা ও সংশ্লিষ্ট তদন্ত দলিল প্রস্তুত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্সট্রাডিশন প্রস্তাব অনুমোদন করেছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইন্টারপোল–এর মাধ্যমে চলতি বছরের ১১ এপ্রিল বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়, যার ভিত্তিতে তার গ্রেপ্তার কার্যকর হয়।

তিনি এ ঘটনাকে পুলিশের একটি ‘ঐতিহাসিক সাফল্য’ হিসেবে উল্লেখ করে বলেন, এর মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে এবং অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৪ মে বেনজীর আহমেদ দেশ ত্যাগ করেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়। পরবর্তীতে তার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে একাধিক মামলা করে দুদক। তিনি ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপির দায়িত্বে ছিলেন।

প্রাইমটিভি/এমএইচ