যমজ কন্যাসন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বামী

ছবিঃ সংগৃহীত
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় যমজ কন্যাসন্তান জন্ম দেওয়ায় রীনা খাতুন (২২) নামে এক গৃহবধূকে তার স্বামী রাকিবুল ইসলাম তালাক দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার কাজীরবেড় ইউনিয়নের পুরাতন কোলা গ্রামে এই মর্মার্থিক ঘটনাটি ঘটেছে।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে নতুন কোলা গ্রামের রাকিবুলের সঙ্গে রীনার বিয়ে হয়। গর্ভে যমজ কন্যাসন্তান থাকার খবর জানার পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন রীনার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করে। পরিস্থিতি অসহনীয় হলে তিনি বাবার বাড়িতে চলে যান এবং প্রায় ছয় মাস আগে অস্ত্রোপচারের মাধ্যমে দুটি কন্যাসন্তানের জন্ম দেন।
রীনার অভিযোগ, জন্মের পর থেকে শ্বশুরবাড়ির কেউ সন্তানদের কোনো খোঁজখবর নেয়নি। স্থানীয়ভাবে মীমাংসা বা পুলিশের মাধ্যমে কোনো প্রতিকার না পেয়ে অবশেষে তিনি স্বামীর পাঠানো তালাকনামা হাতে পান। রীনা ক্ষোভ প্রকাশ করে জানান, কন্যাসন্তান জন্ম দেওয়া এবং যৌতুকের দাবিতে তাকে তালাক দেওয়া হয়েছে। বর্তমানে বিধবা মায়ের পক্ষে দুই শিশুর জন্য মাসে প্রায় ১২ হাজার টাকার খাবারের ব্যয়ভার বহন করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেন জানান, শিশুদের টিকাদান কার্যক্রমে গিয়ে তিনি বিষয়টি জানতে পারেন এবং ভুক্তভোগীকে লিখিত অভিযোগ দিতে বলেন। অভিযোগ পাওয়ার পর শুনানির দিন নির্ধারণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







