রাজধানীর দারুসসালাম থানার টেকনিক্যাল মোড় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দারুসসালাম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মাসুম রাত ৮টা ৫০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, টেকনিক্যাল মোড়ে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আহত হয়েছেন বলে কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে টেকনিক্যাল ক্রসিংয়ের আউটগোয়িং সড়ক থেকে প্রায় ১০০ ফুট পশ্চিমে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঘটনার বিষয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

প্রাইমটিভি/কেআর