বিদায়বেলায় আবেগী বার্তা সাবেক ডিসি সারওয়ার আলমের

ছবি- সংগৃহীত
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব থেকে প্রত্যাহারের পর ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন মো. সারওয়ার আলম। বিদায়ের মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক সংক্ষিপ্ত বার্তায় সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
মঙ্গলবার (২৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মো. সারওয়ার আলম লেখেন, “বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।”
এর আগে গত রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।
মো. সারওয়ার আলম ২০২৫ সালের ১৮ আগস্ট সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান এবং একই বছরের ২১ আগস্ট দায়িত্বভার গ্রহণ করেন। প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তা এর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সিলেটে দায়িত্ব পালনকালে বিভিন্ন প্রশাসনিক উদ্যোগের কারণে তিনি একাধিকবার আলোচনায় আসেন। বিশেষ করে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজারের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ ব্যাপক প্রশংসা ও আলোচনার জন্ম দেয়।
এ ছাড়া হযরত শাহজালাল (রহ.) মাজারের ডেগ সিলগালা এবং নতুন দানবাক্স স্থাপনের সিদ্ধান্তকে কেন্দ্র করে তিনি ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে পড়েন। এসব পদক্ষেপ নিয়ে বিভিন্ন মহলে মতভেদ দেখা দিলেও বিষয়গুলো সিলেটজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল।
দায়িত্ব থেকে প্রত্যাহারের পর তার বিদায় বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং অনেকেই তার কর্মকাণ্ড ও প্রশাসনিক উদ্যোগ নিয়ে মতামত প্রকাশ করছেন।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








