চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার কুড়ালগাছি এলাকায় ‘জয় বাংলা’ লেখা একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) সকাল ১০টার দিকে কুড়ালগাছি বিলসংলগ্ন মৎস্য অফিসের পাশ থেকে বস্তুটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে কয়েকজন স্থানীয় ব্যক্তি রায়সা বিলে গোসল করতে গিয়ে মৎস্য অফিসের পাশে একটি সন্দেহজনক বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি দর্শনা থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার করা বস্তুটি নিরাপদে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে এর গায়ে ‘জয় বাংলা’ লেখা স্পষ্টভাবে দেখা গেছে।

ওসি আরও বলেন, বস্তুটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা বিশেষজ্ঞদের পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে।

প্রাইমটিভি/এমএইচ