বিপদসীমার নিচে তিস্তার পানি, স্বস্তিতে পাড়ের মানুষ

ছবিঃ সংগৃহীত
নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি কমে বিপৎসীমার ১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে মঙ্গলবার (২৩ জুন) বিকেল থেকে পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। হঠাৎ পানি হ্রাস পাওয়ায় তিস্তাপাড়ের নদী তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলের প্রায় ১০ হাজার পরিবারের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, ডালিয়া পয়েন্টে আজ বুধবার সকাল থেকে পানি বিপৎসীমার নিচে রয়েছে। এই পয়েন্টে পানির বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। অথচ মঙ্গলবার বিকেল ৩টায় পানি ৫২ দশমিক ১৬ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হয়েছিল, যা ছিল বিপৎসীমার ওপরে।
এদিকে ভারতের সেন্ট্রাল ওয়াটার কমিশনের তথ্য অনুযায়ী, তিস্তার উজানের দোমোহনী পয়েন্টে মঙ্গলবার দুপুরে পানি বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও, ডালিয়া ব্যারেজ থেকে ২৫ কিলোমিটার দূরে ভারতের মেখলিগঞ্জ পয়েন্টে পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
পানি কমায় নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার অন্তত ৯টি ইউনিয়নের (পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ী, গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী) নিম্নাঞ্চলের মানুষ বন্যার আতঙ্ক থেকে সাময়িক রেহাই পেয়েছেন। তবে পানি কমলেও নদী তীরবর্তী এলাকার মানুষের জানমাল রক্ষায় স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






