উত্তরে বন্যার শঙ্কা, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ছবিঃ সংগৃহীত
দেশের উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কার মাঝেই সারা দেশে বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী পাঁচ দিন উজানে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাসের কারণে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
আবহাওয়ার সিনপটিক অবস্থা অনুযায়ী, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমী বায়ু দেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
এর প্রভাবে বুধবার (২৪ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী সময়ে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলসহ রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানির সমতল আরও বৃদ্ধি পেতে পারে। ফলে নদী তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলগুলোতে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





