পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা

ছবিঃ সংগৃহীত ওসমান হাদি
আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে বেশ কিছু বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। তবে চূড়ান্ত পরিকল্পনা ও এজেন্ডায় না থাকায় ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে না শহীদ শরীফ ওসমান বিন হাদির বীরত্বগাথা।
এনসিটিবি সূত্রে জানা গেছে, ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের পাঠ্যবই সম্পাদনার কাজ ইতিমধ্যে শতভাগ সম্পন্ন হয়েছে। এনসিটিবির প্রাথমিক শিক্ষাক্রম উইংয়ের সদস্য প্রফেসর ড. মো. ইকবাল হায়দার জানিয়েছেন, ২০২৭ সালের পঞ্চম শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ে ওসমান হাদির বিষয়টি অন্তর্ভুক্ত থাকছে না। তবে ২০২৮ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক শিক্ষাক্রমে আমূল পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। তখন বিষয়ভিত্তিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এটি যুক্ত হতে পারে।
প্রাথমিক চিন্তা অনুযায়ী, ২০২৮ সালের পঞ্চম শ্রেণির বাংলা বইয়ের ‘আমরা তোমাদের ভুলব না’ অধ্যায়ে তিতুমীর, প্রীতিলতা ওয়াদ্দেদার, নূর হোসেন, আবু সাঈদ ও মুগ্ধর আত্মত্যাগের বর্ণনার পাশাপাশি শরীফ ওসমান বিন হাদিকেও অন্তর্ভুক্ত করার একটি সম্ভাবনা রয়েছে।
জিয়াউর রহমানের প্রবন্ধ: নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা ‘একটি জাতির জন্ম’ ও ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ শীর্ষক দুটি প্রবন্ধের আলোকে নতুন পাঠ অন্তর্ভুক্ত করা হচ্ছে।
স্মরণীয় নেতার তালিকায় নতুন জীবনী: পঞ্চম শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ের ‘আমাদের স্মরণীয় নেতা’ অংশে পূর্বের চার নেতার সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জীবনী যুক্ত করা হচ্ছে।
বর্তমানে প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৩৬টি বইয়ের সম্পাদনা শেষ হয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী চতুর্থ শ্রেণির নতুন দুটি বইয়ের কাজ এখনো বাকি রয়েছে, যা আগামী ১০ আগস্টের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এনসিটিবি।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





