ইরানে গোপনে স্টারলিংকের ডিভাইস পাচার করেছিল ইসরায়েল

স্টারলিংকের ডিভাইস । সংগৃহীত
ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সহায়তায় গোপনে স্টারলিংক ইন্টারনেট ডিভাইস পাচারের উদ্যোগ নিয়েছিল ইসরায়েল। এমন তথ্য প্রকাশ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেত।
জেরুজালেমে অনুষ্ঠিত জেএনএস ইন্টারন্যাশনাল পলিসি সামিটে বেনেত জানান, প্রধানমন্ত্রী থাকাকালে তিনি ইরানে ১০ হাজারের বেশি স্টারলিংক রিসিভার সংগ্রহ ও পাচারের একটি পরিকল্পনা শুরু করেছিলেন। এসব ডিভাইসের মাধ্যমে বিক্ষোভকারীরা ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমে সংযুক্ত থাকতে পারতেন।
বেনেতের দাবি, পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল আন্দোলনকারীদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং শেষ পর্যন্ত ইরানের সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টাকে সহায়তা করা। তবে তিনি অভিযোগ করেন, পরবর্তীতে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার সেই উদ্যোগ আর এগিয়ে নেয়নি।
২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন নাফতালি বেনেত। তিনি বলেন, বিক্ষোভ শুরু হওয়ার সময় প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত ছিল না, কারণ প্রকল্পটি আর বাস্তবায়ন করা হয়নি।
স্টারলিংক হলো ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স পরিচালিত স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা। ইরানে এই সেবার কোনো আনুষ্ঠানিক লাইসেন্স নেই। তবে এর আগে মাস্ক জানিয়েছিলেন, দেশটিতে স্টারলিংক সক্রিয় রয়েছে।
ইরান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা দুর্বল করতে গোপনে স্টারলিংক ডিভাইস পাচার করেছে। বেনেতের সাম্প্রতিক মন্তব্য সেই অভিযোগকে নতুন করে আলোচনায় এনেছে।
এদিকে বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। স্পেসএক্সের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









