বাংলাদেশ-মিয়ানমার-চীন করিডোরের প্রস্তাব দিয়েছে চীন’-মাহাদী আমিন।

ছবিঃ সংগৃহীত
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ, মিয়ানমার ও চীনকে সংযুক্ত করে একটি ইকোনোমিক করিডোর গড়ে তোলার প্রস্তাব এসেছে। সম্ভাব্য এই করিডোরকে আঞ্চলিক বাণিজ্য, যোগাযোগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন এ তথ্য জানান।
তিনি বলেন, বৈঠকে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে চীন। এ উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশের অর্থনীতির পরিধি আরও বিস্তৃত হবে, আন্তঃদেশীয় বাণিজ্য ও লেনদেন বৃদ্ধি পাবে এবং মাল্টি-মোডাল পরিবহন ব্যবস্থার উন্নয়ন ত্বরান্বিত হবে।
স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। দুই দেশের পারস্পরিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক সংযোগ জোরদারের বিভিন্ন বিষয় বৈঠকে গুরুত্ব পায়।
এর আগে স্থানীয় সময় সকাল সোয়া ৯টায় তিয়েনআনমেন স্কয়ারে চীনের বীরদের স্মরণে নির্মিত মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজ-এ শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সফরসঙ্গীরাও উপস্থিত ছিলেন।
সফরের বাকি কর্মসূচির মধ্যে রয়েছে চীনের শীর্ষ আইনপ্রণেতা ঝাও লেজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং চীনের জাতীয় জাদুঘর পরিদর্শন।
সব কর্মসূচি শেষে স্থানীয় সময় বিকেল ৫টায় বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে তার ও সফরসঙ্গীদের দেশে পৌঁছানোর কথা রয়েছে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




