সিঙ্গাপুরে বাংলাদেশি কর্মীদের পাঠাতে প্রকৃত ব্যয় সাড়ে ৩ লাখ টাকার বেশি হওয়ার কথা নয় বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুর।

সম্প্রতি গণমাধ্যম চ্যানেল ২৪-কে দেওয়া বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, একজন কর্মীকে বৈধ প্রক্রিয়ায় সিঙ্গাপুরে পাঠাতে ভিসা, বিমান ভাড়া, মেডিকেল, প্রশিক্ষণ ও অন্যান্য সরকারি ফি মিলিয়ে মোট ব্যয় সাড়ে ৩ লাখ টাকার মধ্যেই হওয়া সম্ভব। এর চেয়ে অনেক বেশি অর্থ নেওয়ার যৌক্তিকতা নেই।

তিনি বলেন, বাস্তবে অনেক কর্মীর কাছ থেকে ৮ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ রয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের অতিরিক্ত অর্থ আদায়ের পেছনে অসাধু দালাল ও সিন্ডিকেট কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী নুর জানান, বিদেশগামী কর্মীদের স্বার্থ রক্ষায় সরকার অভিবাসন ব্যয় কমানো এবং দালালচক্রের দৌরাত্ম্য বন্ধে কাজ করছে। একই সঙ্গে তিনি বিদেশে যেতে ইচ্ছুকদের নিবন্ধিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাওয়ার এবং অতিরিক্ত অর্থ দাবি করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগ জানানোর আহ্বান জানান।

প্রাইমটিভি/এমএইচ