চট্টগ্রামের রাউজান ও নগরীতে পৃথক দুটি দুর্ঘটনায় সেপটিক ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) দুপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে এসব মর্মান্তিক ঘটনা ঘটে।

রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ঝিকুটি পাড়া এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে প্রাণ হারান দুই নির্মাণশ্রমিক। নিহতরা হলেন রাউজানের কচুখাইন এলাকার প্রদীপ দাশ এবং বোয়ালখালীর কদুরখিল এলাকার সমীরণ দাশ। তাদের মধ্যে প্রদীপ দাশ বাড়ির মালিক রতন ডাক্তারের জামাতা ছিলেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের ভাষ্য, দুপুর সাড়ে ১২টার দিকে দীর্ঘদিন বন্ধ থাকা সেপটিক ট্যাংকে প্রথমে নামেন প্রদীপ দাশ। ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধারের জন্য সমীরণ দাশ নিচে নামেন। তবে তিনিও গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এর কয়েক ঘণ্টা পর, বেলা ২টার দিকে চট্টগ্রাম নগরের ধনিয়ালা পাড়ার লাকী ম্যানশন এলাকায় আরেকটি সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে আরও দুজনের মৃত্যু হয়। নিহতদের একজনের নাম সাকিব। অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুই ঘটনাতেই ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

প্রাইমটিভি/এমএইচ