হাদি হত্যা মামলার আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবিঃ সংগৃহীত
শহীদ ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেফতার হওয়া আসামিদের শিগগিরই দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় সব নথিপত্র ইতোমধ্যে ভারতের কাছে পাঠানো হয়েছে।
শুক্রবার (২৬ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শহীদ ওসমান হাদি হত্যা মামলার তিন আসামিকে ভারতীয় কর্তৃপক্ষ গ্রেফতার করেছে। তারা বর্তমানে কলকাতায় রয়েছেন বলে জানা গেছে। ভারতীয় আদালতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে।
তিনি বলেন, ‘আমরা আশাবাদী, খুব শিগগিরই তাদের দেশে ফিরিয়ে আনতে পারব। একই সঙ্গে মামলার অসম্পূর্ণ তদন্ত শেষ করে দ্রুত চার্জশিটও দাখিল করা হবে।’
এক প্রশ্নের জবাবে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাকে গ্রেফতারের পর সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফেডারেল পুলিশ ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে বিষয়টি জানিয়েছে। এরপর ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র চাওয়া হলে বাংলাদেশ সরকার মাত্র তিন দিনের মধ্যেই সেগুলো প্রস্তুত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে।
তিনি জানান, বেনজীর আহমেদকে দেশে ফেরানোর বিষয়ে এখনো আমিরাত সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। তবে এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হবে বলে সরকার আশা করছে।
সীমান্ত পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত দিয়ে কাউকে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন, ভারত যদি বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠাতে চায়, তাহলে কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের তালিকা দিতে হবে। নাগরিকত্ব যাচাইয়ের পরই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




