সুন্দরবনের কুখ্যাত বনদস্যু চক্র ‘দুলাভাই বাহিনী’র বিরুদ্ধে পরিচালিত অভিযানে কোস্ট গার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। রাতভর অভিযানের একপর্যায়ে বাহিনীটির প্রধান রবিউল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকালে তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে আবারও তাকে কোস্ট গার্ডের হেফাজতে নেওয়া হয়েছে।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাতে সুন্দরবনের বনবিভাগের কয়রা টহল ফাঁড়ির আওতাধীন ময়দাফেসা খাল এলাকায় ‘দুলাভাই বাহিনী’র বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় বাহিনীটির সদস্যদের সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলির ঘটনা ঘটে। অভিযানের একপর্যায়ে রবিউল ইসলাম গুলিবিদ্ধ হলে তাকে আটক করা হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা নথি অনুযায়ী, কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের বাসিন্দা রবিউল ইসলামের (৫০) হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

স্থানীয়দের ভাষ্য, রবিউল ইসলামই বর্তমানে সুন্দরবনের ‘দুলাভাই বাহিনী’র নেতৃত্ব দিচ্ছেন। একসময় সুন্দরবনে ‘ইলিয়াস বাহিনী’ নামে পরিচিত বনদস্যু চক্রের প্রধান ইলিয়াস নিহত হওয়ার পর ২০২৪ সালে তার বোনের স্বামী রবিউল ইসলাম নতুন করে একটি সশস্ত্র দল গঠন করেন। পরে স্থানীয়দের কাছে সেটি ‘দুলাভাই বাহিনী’ নামে পরিচিতি পায়।

ঘটনার বিষয়ে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, বনাঞ্চলে গোলাগুলির ঘটনার খবর তারা পেয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য কোস্ট গার্ডের কাছে রয়েছে।

সুন্দরবনের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শরিফুল ইসলামও জানান, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন। তবে অভিযানের বিস্তারিত তথ্য কোস্ট গার্ডই জানাতে পারবে।

এদিকে কোস্ট গার্ড জানিয়েছে, ‘দুলাভাই বাহিনী’র বিরুদ্ধে পরিচালিত অভিযান এখনও চলমান রয়েছে। অভিযানে অংশ নেওয়া সদস্যরা মাঠে অবস্থান করছেন। অভিযান শেষ হলে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার বিস্তারিত জানানো হবে।

প্রাইমটিভি/এমএইচ