শাহজালাল মাজারে মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের উচ্চপর্যায়ের কমিটি গঠন

ছবি- সংগৃহীত
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে ১২ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।
শুক্রবার (২৬ জুন) সকালে সিলেট সার্কিট হাউসে মাজারের ব্যবস্থাপনা ও উন্নয়ন-সংক্রান্ত এক বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। নবগঠিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে দানের অর্থ ব্যবস্থাপনার জন্য একটি যুগোপযোগী ও কার্যকর কাঠামো প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে।
সভাপতির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, মাজারের উন্নয়ন, দানের অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সবার মতামতের ভিত্তিতেই এই কমিটি গঠন করা হয়েছে।
তিনি জানান, নতুন কাঠামো চূড়ান্ত না হওয়া পর্যন্ত বিদ্যমান কমিটিই প্রচলিত নিয়ম অনুযায়ী দানবাক্সের অর্থ গণনা করবে এবং সেই অর্থ মাজারের বিদ্যমান ব্যাংক হিসাবে জমা রাখা হবে।
মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং এমন একটি টেকসই ব্যবস্থা গড়ে তোলা, যাতে ভবিষ্যতে কোনো ধরনের বিতর্ক বা ভুল বোঝাবুঝির সুযোগ না থাকে।
১২ সদস্যের কমিটিতে রয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিভাগীয় কমিশনার, মহানগর পুলিশ কমিশনার, জেলা পরিষদের প্রশাসক, মাজারের মোতোয়াল্লী পরিবারের দুই সদস্য এবং মাজার মাদ্রাসা ও মসজিদের দুই প্রতিনিধি। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সিলেটের জেলা প্রশাসক।
সম্প্রতি মাজারের দানবাক্সে তালা দেওয়া নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার পরিপ্রেক্ষিতে এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে মাজারের ঐতিহ্য সংরক্ষণ, বর্তমান ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে অধিক গ্রহণযোগ্য করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মাজার কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রাইমটিভি/কেআর

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




